Thursday, 15 June 2017

সীমন্তিনী ও কাব্য কথার দেশে-৬

গোধূলী বেলা...

দেখতে দেখতে কতটা দিন কেটে গেল
হারানো পথ এখনো চোখে খুব স্পষ্ট
তোর ফিরে তাকানো আর পথ হাঁটা
আকাশ দেখা স্বপ্ন বুনে বারবার ফিরে চলি
তোর সাথেই এপার বাংলা থেকে ওপার বাংলার
গ্রাম্য ভালোবাসার স্বাক্ষী হয়েছিলাম
কেমন আছে কুশিয়ারা নদী ?
কেমনই বা আছে সেই সফরের পথচারীরা ?
সেই কাদা মাখা রাস্তাটা কি এখন
পাকা হয়ে গেছে ?
আচ্ছা ওই চায়ের দোকানে কি এখনও মন
মাতানো দই পাওয়া যায় ?
পরোটা হাউসের দোকানে কি এখনও
ওই ছেলেদুটি কাজ করে ?
নাকি তারা এখন বড় হয়ে অন্য কোথাও চলে গেছে !
বরাকের পথে পথে টিলাগুলি কি এখনও
আমার কথা মনে রেখেছে ? নাকি সব স্মৃতি
ধুয়ে মুছে কুশিয়ারায় পথ হারিয়ে ফেলেছে !
কতদিন বরাকের জলে গা ভেজায়নি
অন্নপূর্না ঘাটে কি এখনও বিকালে আড্ডা জমে ?
নাকি সব আড্ডা অস্তাচলের শেষ সীমানায়
খাসপুরের রাজবাড়িতে কি প্রেমিকমন এখনও
ফিরে চলে নরম ঘাসে পা রেখে ?
নাকি সভ্যতার চাপে পড়ে শ্বেতপাথর বসেছে
সমস্ত মাটি জুড়ে
ভাবতে ভাবতেই কখন যেন মেঘের বাড়ির
মেঘ এসে ভিজিয়ে দিল কাপড়-জামা
আমি শুধু আপনমনে চেয়েই রইলাম
আধখানা মেঘ বৃষ্টি হয়ে বরাক কোলে
ঝম্ঝম্ করে পড়তে থাকল ।

কপিরাইট- কল্যান রায়
তাং- ০৬/০৬/২০১৭

No comments:

Post a Comment