Friday, 26 May 2017

সীমন্তিনী ও কাব্য কথার দেশে-১

সীমন্তিনী তোমায় ছোঁয়ার সাধ্য নেই
তোমায় ছাড়া যে আজ কাব্য নেই
সীমন্তিনী এখন তোমার আকাশ জুড়ে
শরৎ মেঘের শিউলি বেলা
ঈশান কোনের ঈশান মনে বসে
ভাসাই শুধু তোমার স্ম‌ৃতির ভেলা
সীমন্তিনী তোমায় চেয়ে
শরৎ মেঘেও বর্ষা নামে
কেন বৃষ্টি?
প্রেমকে আজ ভেজাবে বলে !

তাই কি তুমি মেঘ হলে
মনকে আজ ভেজাবে বলে
হ্যাঁ, তাইতো তুমি বৃষ্টি হলে
বহমান এক নদী হলে
চললে অনন্তকালের যাত্রা নিয়ে
মিলিত হলে সমুদ্র স্রোতে
সীমন্তিনী তোমার জলে ভাসতে চেয়ে
ভেজা মন যায় যে শুকিয়ে
শুকনো মনে এখন শুধুই
তোমার কথা ভেবে
কাব্য রচি জীর্ণ কোনো বেশে ।।

      ---কল্যান রায়

Saturday, 13 May 2017

বসন্ত বিলাপ

নিস্তব্ধ দুপুর
ডাক দিয়ে যায় দূরে ঐ ফেরিওয়ালা
মন কেমন করা দুপুরে একলা প্রেমিক মন
ফিরে চলে মফস্বলে
খুঁজে নেয় গ্রাম্য ভালোবাসা

শহুরে অভিমানী রফিকরা তখন
৯৮.৩-র গল্প শোনে বুক পেতে
পুরনো জীর্ণ কুটিরের কার্নিশে লেগে থাকে
কপোত-কপোতীর একগাল ভালোবাসা
লেগে থাকে স্মৃতির পাখনা হতে খসে পড়া
আলো-ছায়ার ভাঙা-ভাঙা গল্প
যেমন করে কৃষ্ণচূড়া চায় বসন্তকে আর
চাতক ডাকে ফটিক জল-ফটিক জল বলে

জানলার কাঁচে এসে আটকে যায়
তেপান্তরের মাঠ হতে ভেসে আসা
অজানা এক বাঁশির সুর
অভিমানী মন তখন পলাশ হয়ে ওঠে
ঝি-ঝি পোকা আর নাম না জানা পাখির ডাকে
চিলেকোঠায় মন যায় আটকে
রেলিঙ জুড়ে শুধুই নিস্তব্ধতা
তারই মাঝে অমল দইওয়ালারা
হাঁক দিয়ে যায়, আমি জেগে উঠি
আর তারা হারিয়ে যায়
শহরতলির কোনো এক গলির বাঁকে ।।

কল্যান রায়
১৯/০২/২০১৭
৭ই ফাল্গুন, ১৪২৩


Thursday, 11 May 2017

কাকতাড়ুয়া-৫

দিনে জেগে উঠি
রাতে ঘুম
বশ্যতা স্বীকারে জীবন-যাপন
গভীরতা চেয়ে ভেসে ওঠা
ভেসে চলা কর্পূরের মত
মাইলস্টোনের রাস্তা হাঁটা

অায় দেখে যা
কতটা গদ্যে জীবন ভাসে
কতটা ছন্দে নদী চলে
পাহাড় দেখা তো সখ্যতা মাত্র
সূর্য চেয়ে সূর্যপ্রনাম
এই তো জীবন সোনার পাথরবাটি ।।

@কল্যান রায়