Saturday, 18 February 2017

কাকতাড়ুয়া ১

জানো তিথি,
এই কাকতাড়ুয়ার দেশেই একদিন আমি
প্রেমের আঙুল ছুঁয়েছিলাম
ভেবেছিলাম এই পান্তাভাতের থালাতেও
কতই না সুখী আমরা


হাড়হিম করা মধ্যরাতেও উষ্ণতা চেয়ে
তোমায় দেখি, আর ভাবি এই
পূর্ণিমার রাতেও তারারা কত সুন্দর!


বাঁশি বাজাব বলে অনেকবার তোর্ষা তীরে
গিয়ে বসি, সুর আর আসে না
আমার চারপাশে সব যেন মহেঞ্জোদারো
তাদের হাড় আছে কিন্তু মাংস নেই
ঘিলু আছে, মগজ নেই


মরীচিকার মতই সঞ্জীবনী আসে মাঝে মাঝে
আমি দুধ-ভাত চাইনা
শুধু তুমি এসে এই কাকতাড়ুয়াগুলিকে
নাড়িয়ে দিয়ে যেয়ো একদিন ।।


১১-০১-২০১৭
কল্যান রায়